ভোট গণনায় কারচুপির অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনী নথিপত্র নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত এই আসনের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি নোটিশ ইস্যু করেছেন।
ফল চ্যালেঞ্জ করে ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের দায়ের করা নির্বাচনী মামলাটি শুনানির জন্য গ্রহণ করে বুধবার (১ এপ্রিল) বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বিজয়ী প্রার্থী শেখ মনজুরুল হক (রাহাদ) ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছিলেন ৬৬ হাজার ৪০৯ ভোট। ফল ঘোষণার পর ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে উচ্চ আদালতে এই মামলা দায়ের করেন বিএনপির প্রার্থী।