সাফ অনূর্ধ্ব-২০: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

0
16
সাফ অনূর্ধ্ব-২০: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ আবারও সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে। আজ (১ এপ্রিল, বুধবার) মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম হাইভোল্টেজ সেমিফাইনালে হিমালয়ের দেশ নেপালকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন মানিক।

২০২৪ সালের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ এবারও শিরোপা ধরে রাখার মিশন নিয়েই মাঠে নেমেছিল। আজ রাতে অনুষ্ঠিতব্য ভারত ও ভুটানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিরুদ্ধে ফাইনালে লড়বে বাংলাদেশ।

মালে স্টেডিয়ামে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি দর্শকের বাঁধভাঙা সমর্থনে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ১০ম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা; মোর্শেদের চমৎকার চিপ থেকে বক্সে লাফিয়ে দর্শনীয় হেডে বল জালে জড়ান মানিক। এর ঠিক পরের মিনিটেই আমেরিকান প্রবাসী রোনান সুলিভান একক দক্ষতায় বল জালে জড়ালেও সহকারী রেফারি অফসাইডের অজুহাতে গোলটি বাতিল করে দেন, যা নিয়ে বাংলাদেশের ডাগআউটে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দেখা যায়।

বিরতির পর দ্বিতীয়র্ধের প্রথম ২৫-৩০ মিনিট নেপাল ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে বাংলাদেশের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। তবে গোলরক্ষক মাহিনের কয়েকটি দুর্দান্ত সেভ এবং রক্ষণভাগের দৃঢ়তায় নেপাল গোলের দেখা পায়নি। ম্যাচের শেষ দিকে রোনানের ভাই ডেকলানকে মাঠে নামান কোচ মিশু। দুই ভাইয়ের দারুণ বোঝাপড়ায় বক্সের মধ্যে গোল করার সুবর্ণ সুযোগ তৈরি হলেও নেপালের ডিফেন্ডারদের বাধায় তা কর্নারে পরিণত হয়। নির্ধারিত সময়ের পর যোগ করা অতিরিক্ত ৬ মিনিটেও দুই দল আর কোনো গোল করতে না পারায় ১-০ ব্যবধানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here