২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের স্কোয়াড ঘোষণার আগে এই জয় ব্রাজিলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।
ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে ছিল ব্রাজিলের একচ্ছত্র আধিপত্য। শুরু থেকেই ক্রোয়েশিয়ার রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে সেলেসাওরা। এরই ধারাবাহিকতায় প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় তারা। ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে গোল করেন দানিলো সান্তোস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে খেলা আরও জমে ওঠে। দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করলেও দীর্ঘ সময় আর গোল আসেনি। মনে হচ্ছিল ১-০ ব্যবধানেই ম্যাচ শেষ হবে। তবে শেষ দিকে নাটকীয়তা যোগ হয় ম্যাচে।
৮৪তম মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান লোভরো মাজের। কিন্তু সেই সমতা বেশি সময় স্থায়ী হয়নি। গোল হজমের পরপরই পেনাল্টি পায় ব্রাজিল। বদলি হিসেবে নামা ইগর থিয়াগো নিখুঁত শটে বল জালে জড়িয়ে আবারও এগিয়ে দেন দলকে।
এরপর ম্যাচের শেষ মুহূর্তে আরেকটি গোল করে জয় নিশ্চিত করে ব্রাজিল। ইগর থিয়াগোর পাস থেকে বল পেয়ে দারুণ মুভ তৈরি করেন এনড্রিক। পরে তিনি আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে দিয়ে গোল করান। নিজে গোল না পেলেও পুরো ম্যাচে উজ্জ্বল ছিলেন তরুণ এই ফরোয়ার্ড।
আগামী ১১ মে ফিফার কাছে ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দেবেন কোচ আনচেলত্তি। এরপর ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে উড়াল দেবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা মিশন।