মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে জেলা পুলিশ। এ সময় অবৈধভাবে তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে মেহেরপুর সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, দক্ষিণ শালিকা গ্রামের আবু সুফিয়ানের মালিকানাধীন ফারাবি ট্রেডার্সের গুদাম থেকে ২৬ ব্যারেলে মোট ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। গুদামটি ভারত-বাংলাদেশ সীমান্তের তারকাঁটা বেড়ার প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।
সীমান্তবর্তী এলাকায় এত বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেলগুলো অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল।
অভিযান শেষে লাইসেন্স ছাড়া তেল মজুদের দায়ে আবু সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ট্রাইব্যুনাল আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সীমান্তের তারকাঁটা বেড়ার এক কিলোমিটারের মধ্যে অবৈধভাবে বিপুল পরিমাণ তেল মজুদের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। জব্দ করা তেল এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।