ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় একটি ইটভাটায় ৮০০ লিটার ডিজেল মজুতের ঘটনা ধরা পড়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার জেভি ফিলিং স্টেশন থেকে ‘আশা অ্যান্ড তানিয়া’ নামের একটি ইটভাটা ৮০০ লিটার ডিজেল কিনে নেয়। পরে মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার পর গোপন সংবাদের ভিত্তিতে শৈলকূপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ডিজেল কেনার সত্যতা পাওয়া গেলে পরে জেভি ফিলিং স্টেশনেও অভিযান চালানো হয়। সেখানে নিয়ম ভঙ্গের দায়ে ফিলিং স্টেশনটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটা মালিককে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একবারে ৮০০ লিটার ডিজেল বিক্রির তথ্য পাওয়া যায়। তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। এ কারণে ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে এবং ইটভাটা মালিককে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।