জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুরের সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

0
20
জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুরের সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে তেল পাচারের ঝুঁকি মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুরের সীমান্ত এলাকাগুলোতে অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে বিজিবি তাদের টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি ব্যাপক জোরদার করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিজিবি জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে সীমান্ত দিয়ে ভারতে তেল পাচার করতে না পারে, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ ২৯টি বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এবং ৫টি বিশেষ ক্যাম্প থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যাত্রী ও পণ্যবাহী যানবাহনে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে বোতল বা জারকিনের মাধ্যমে পেট্রোল ও অকটেন পাচারের মতো ছোট ছোট চালান ঠেকাতে বিজিবি সদস্যদের বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। পাচারকারী চক্রের তৎপরতা রোধে আমাদের গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় ও জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল সংস্থা এবং স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে বিজিবিকে দ্রুত অবহিত করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here