মাদক ও অশ্লীলতার অভিযোগ: চাঁদপুরে বন্ধ করে দেওয়া হলো লেংটার মেলা

0
22
মাদক ও অশ্লীলতার অভিযোগ: চাঁদপুরে বন্ধ করে দেওয়া হলো লেংটার মেলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর এলাকায় শুরু হওয়া সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘সোলেমান লেংটার মেলা’ শুরুর মাত্র দুই দিনের মাথায় বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। অনুমতি ছাড়াই শুরু হওয়া এই মেলায় ব্যাপকভাবে মাদক বেচাকেনা, সেবন এবং অশ্লীল নৃত্যের আসর বসার গুরুতর অভিযোগ ওঠায় বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় মেলাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে প্রশাসনের কোনো ধরনের অনুমোদন ছাড়াই বদরপুর এলাকায় ১০৭তম এই লেংটার ওরশ ও মেলা শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, মেলা শুরুর পর থেকেই অন্তত দুই সহস্রাধিক স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকের দোকান এবং অর্ধশতাধিক স্পটে নারীদের অশ্লীল নৃত্যের জমজমাট আসর বসানো হয়। তিন কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই মেলায় প্রকাশ্যে এমন অপকর্ম চলতে থাকায় এলাকার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছিল। প্রকাশ্যেই লাখ লাখ টাকার মাদক বাণিজ্য চলায় এলাকার তরুণ ও কিশোররা বিপথগামী হয়ে পড়ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় প্রবীণ ব্যক্তিরা।

জানা গেছে, বাংলা ১৩২৫ সনের চৈত্র মাসে সোলায়মান লেংটা নামের ওই আধ্যাত্মিক ব্যক্তি মারা যাওয়ার পর থেকে প্রতি বছর চৈত্র মাসের ১৭ তারিখে সাত দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়ে থাকে। অন্যান্য বছর এই মেলায় লাখো মানুষের সমাগম ঘটে। তবে এবারের মেলায় শুরুর দিনেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মঙ্গলবার মেলার প্রথম দিনে মাদক সেবন ও জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে জুয়াড়িদের মধ্যে বিরোধের জেরে দুর্বৃত্তরা মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

সার্বিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার দুপুরে মেলা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি বাড়ানো হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, মেলার পরিবেশ স্বাভাবিক রাখতে পোশাকধারী অর্ধশত পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকেও অনেক সদস্য দায়িত্ব পালন করেন। পরে কর্তৃপক্ষের নির্দেশে বুধবার সন্ধ্যায় মেলা বন্ধ করে দেওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, জেলা প্রশাসন থেকে এত বড় একটি মেলার কোনো অনুমোদন দেওয়া হয়নি। অনুমোদনহীন মেলায় নানা অপকর্মের অভিযোগ ওঠায় বুধবার সন্ধ্যায় এটি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার থেকে এই মেলা পুরোপুরি বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here