জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই কর্মসূচির কথা জানান।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, সংবিধান কেবল সংশোধন নয়, বরং আমূল সংস্কার করতে হবে। সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে বলে তিনি অভিযোগ করেন। জনগণের রায়ের প্রতি সম্মান না জানালে রাজপথে আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় জোট। এছাড়া, আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) জোটের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।