ময়মনসিংহের ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুনের অভিযোগ

0
17
ময়মনসিংহের ত্রিশালে বাবার হাতে ৪ বছরের শিশু সন্তান খুনের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিজের চার বছর বয়সী শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম লাবিব (৪)। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা সোহাগ পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সোহাগ চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়া তিনি একাধিক বিয়েও করেছেন। স্বামীর এমন বেপরোয়া জীবনযাপনের কারণে শিশু লাবিবকে নিয়ে তার মা বাবার বাড়িতে (লাবিবের নানাবাড়ি) বসবাস করতেন।

বুধবার বিকেলে সোহাগ তার শ্বশুরবাড়িতে আসেন এবং ছেলে লাবিবকে নিজের সঙ্গে করে বাইরে নিয়ে যান। এরপর সন্ধ্যা ৭টার দিকে শ্বশুরবাড়ির কাছাকাছি একটি জায়গা থেকে শিশুটির নিথর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করেছে। পারিপার্শ্বিক অবস্থা ও ঘটনার বিবরণ জেনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে তার বাবা সোহাগই হত্যা করেছে। বর্তমানে অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন। তাকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here