সুশাসন নিশ্চিত করার জন্য নিরপেক্ষ প্রশাসনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে পারবে না।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠিত না হলে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়, যা বিদেশি হস্তক্ষেপের পথ খুলে দিতে পারে। তবে জাতীয় ঐক্য বজায় থাকলে এমন আশঙ্কা কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি মনে করেন।
বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তারা ইতিহাসকে নিজেদের মতো করে উপস্থাপন করেছে। তিনি আরও দাবি করেন, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রচার করে, যা ছিল চরম মিথ্যাচার। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী।