হাতিয়ায় ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

0
17
হাতিয়ায় ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৩০ লিটার ডিজেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার হাতিয়া পৌরসভার পাঁচ বিঘা এবং এমপির পোল এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন—হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. রাসেল (২২) এবং ফরাজি গ্রামের মো. জাফর (৩৫)।

পুলিশ জানায়, দেশের বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুত প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুর ১২টার দিকে পাঁচ বিঘা গ্রামের একটি স’মিলের পাশের সড়ক থেকে ৪ ড্রাম বা ৭৬০ লিটার এবং দুপুর পৌনে ২টার দিকে এমপির পোল এলাকা থেকে আরও ৩ ড্রাম বা ৫৭০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। এ সময় মজুত করার অপরাধে রাসেল ও জাফরকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মোহাম্মদ কবির হোসেন আরও জানান, এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। অবৈধ মজুত চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here