এসএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের জন্য জরুরি নির্দেশনা

0
11
এসএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের জন্য জরুরি নির্দেশনা

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রসচিবদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বোর্ড কর্তৃপক্ষ এই নির্দেশনাবলী প্রকাশ করে।

নির্দেশনায় বলা হয়েছে, মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী এবং নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে অংশগ্রহণ করবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ঢাকা বোর্ড। প্রশ্নপত্র কেন্দ্র থেকে শুরু করে ট্রাংকে রাখা ও বিতরণের প্রতিটি ধাপে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কেন্দ্রসচিব, ট্যাগ অফিসার ও পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রশ্নপত্রের প্যাকেট যাচাইকালে কোনো ধরনের ত্রুটি হলে তা কেন্দ্রসচিবের দায়িত্বে অবহেলা বলে গণ্য হবে এবং এজন্য তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষার দিনগুলোতে ট্রেজারি থেকে প্রশ্নপত্রের সিকিউরিটি খাম (সৃজনশীল ২ সেট এবং বহুনির্বাচনি ১ সেট) পুলিশ প্রহরায় অত্যন্ত সতর্কতার সাথে কেন্দ্রে আনতে হবে। মোবাইল ফোনে সেট কোডের এসএমএস পাওয়ার পর তা ট্যাগ অফিসার ও পুলিশ অফিসারকে দেখিয়ে নিশ্চিত হওয়ার পরই প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। এছাড়া অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় বোর্ডে জমা দিতে হবে।

বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সেট কোডের পরিবর্তে ভুলবশত অন্য কোনো সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল কেন্দ্রসচিবকে এসব নির্দেশনা কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here