বিশ্বকাপে টানা তিনবার ব্যর্থতা: ইতালির ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ

0
18
বিশ্বকাপে টানা তিনবার ব্যর্থতা: ইতালির ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ

২০১৮ ও ২০২২ সালের পর ২০২৬ বিশ্বকাপেও ইতালি ফুটবল দলের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হওয়াটা দেশটির ফুটবলে বড় এক ধস হিসেবে দেখা দিয়েছে। এই মহাবৈফল্যের দায়ভার নিয়ে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন ইতালি ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলে গ্রাভিনা। গতকাল বৃহস্পতিবার রোমে অনুষ্ঠিত ফেডারেশনের এক জরুরি সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রাভিনার পদত্যাগের ফলে সৃষ্ট শূন্যস্থান পূরণ করতে আগামী ২২ জুন নতুন নির্বাচনের আয়োজন করা হবে। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এখন সবচেয়ে বেশি আলোচিত নাম জিওভানি মালাগো, যিনি দীর্ঘ সময় ইতালিয়ান অলিম্পিক কমিটির দায়িত্ব পালন করেছেন।

বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে পরাজয়ের পর এই জরুরি মিটিং ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিরি আ, সিরি বি, সিরি সি প্রেসিডেন্টসহ খেলোয়াড় ও কোচ সংগঠনের শীর্ষ নেতারা। টানা তিনবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর ইতালি সরকার ফেডারেশন পুনর্গঠনের কড়া নির্দেশ দিয়েছিল। দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী আন্দ্রেয়া আবোদি বর্তমান কোচ ও খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করলেও স্পষ্ট করে বলেছিলেন, ইতালিয়ান ফুটবলের আমূল পরিবর্তনের জন্য ফেডারেশনের নেতৃত্বে পরিবর্তন জরুরি। আর সেই পরিবর্তনের পথ ধরেই গ্রাভিনার পদত্যাগ।

২০১৮ সালে ফেডারেশনের দায়িত্ব নেওয়া গ্রাভিনার সময়ে ইতালি ২০২০ ইউরো কাপ জয় করেছিল। কিন্তু বিশ্বকাপে এই ধারাবাহিক ব্যর্থতা শেষ পর্যন্ত তাকে বিদায় নিতে বাধ্য করল। এদিকে বর্তমান কোচ গান্নারো গাট্টুসো ও তার টেকনিক্যাল স্টাফদের ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতালিয়ান ফুটবলের এই পুনর্গঠন প্রক্রিয়ায় কোচিং স্টাফের পদেও বড় কোনো পরিবর্তন আসে কি না, তা নিয়ে এখন চলছে জোর জল্পনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here