মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ৬

0
25
মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ৬

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফাপুর এলাকার বাসিন্দা ইদ্রিস হাওলাদার ও সামচু সরদারের মধ্যে দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই উত্তেজনার জেরে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

সংঘর্ষ চলাকালে শাহীন হাওলাদারের মোবাইলের দোকান ও রাকিবুল ইসলামের বিরিয়ানির দোকানসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here