রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে মাদক কারবারি, ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের আওতাধীন ছয়টি থানায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, পেশাদার ছিনতাইকারী, চোর ও সন্ত্রাসী রয়েছে। এছাড়া চিহ্নিত এবং অভ্যাসগত অপরাধীরাও এই তালিকার অন্তর্ভুক্ত।
অভিযানের থানাভিত্তিক তথ্যে দেখা যায়, মোহাম্মদপুর থানায় সর্বোচ্চ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আদাবর থানায় ১০ জন, তেজগাঁও থানায় ৯ জন, শেরেবাংলা নগর থানায় ৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন এবং হাতিরঝিল থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।