সিরাজগঞ্জের নলকায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

0
18
সিরাজগঞ্জের নলকায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর ছিটকে পড়ে, এতে এক নারীসহ তিনজন নিহত ও আহত হয়েছেন অন্তত ১০ জন।

নিহতদের মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের রাখি বেগম ও নওগাঁর বদলগাছী উপজেলার রাকিবুল ইসলামের পরিচয় পাওয়া গেছে। অপর একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, বগুড়া থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি বাস যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রাখি ও রাকিবুলসহ তিন বাসযাত্রী নিহত হন। আহত হন এক শিশুসহ অন্তত ১০ জন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here