দেশজুড়ে হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন। শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯৪৭ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে নিশ্চিত আক্রান্ত রোগীর সংখ্যা ৪২ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশব্যাপী সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ গত ১৯ দিনে গড়ে প্রতিদিন প্রায় ৫ জন করে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সংক্রমণের ভয়াবহতা নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর জরুরি পদক্ষেপ হিসেবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে। এছাড়া আগামী রোববার থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। পরিস্থিতি সামাল দিতে সবাইকে সতর্ক থাকার এবং দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।