মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন দেশটির জান্তাপ্রধান মিন অং হ্লাইং। আজ শুক্রবার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নোবেলজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে ২০২১ সালে উৎখাত করার পর থেকে দেশটির শাসনক্ষমতায় আছেন মিন অং হ্লাইং। ওই সেনা সেনা অভ্যুত্থানের পর গৃহযুদ্ধ শুরু হয় মিয়ানমারে। গৃহযুদ্ধ চলার মধ্যে অত্যন্ত সাবধানে ক্ষমতার পটপরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত করা হয়। গৃহযুদ্ধে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মিয়ানমারের সীমান্ত এলাকাগুলো বিদ্রোহীদের দখলে চলে গেছে।
গত ডিসেম্বর ও জানুয়ারিতে মিয়ানমারে কয়েক ধাপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশটির বড় বিরোধী দলগুলো অংশ নিতে পারেনি। সু চির দল বিলুপ্ত করা হয়েছে এবং অন্য প্রধান প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি। শেষ পর্যন্ত নির্বাচনে সেনাপ্রধান–সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি জয়লাভ করেছে।
জাতিসংঘ ও পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলোর মতে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না।