বিশ্বের বিভিন্ন মেগাসিটির মতো বায়ুদূষণের কবলে ঢাকা। শুক্রবার (৩ এপ্রিল) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) তথ্যানুযায়ী, ১২৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে ঢাকা। বাতাসের এই মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার ঢাকার বায়ুর মান ছিল ১৬০, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়েছিল। তবে আজ কিছুটা উন্নতির ইঙ্গিত মিললেও বাতাসের মান এখনো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ৩৫২। এটি ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাইর স্কোর ২২৩ এবং তৃতীয় অবস্থানে থাকা চীনের বেইজিংয়ের স্কোর ১৯২। এ ছাড়া তালিকায় ভিয়েতনামের হেনয় চতুর্থ এবং নেপালের কাঠমান্ডু পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে অভিহিত করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুর মান যখন অস্বাস্থ্যকর বা ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে, তখন শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের ঘরের ভেতরে থাকাই শ্রেয়। অন্যদেরও বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়, কারণ এই দূষণ জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে।