নিজ নামে স্ট্যান্ডের সামনে গোল করে নতুন স্টেডিয়ামের উদ্বোধন স্মরণীয় করলেন মেসি

0
21
নিজ নামে স্ট্যান্ডের সামনে গোল করে নতুন স্টেডিয়ামের উদ্বোধন স্মরণীয় করলেন মেসি

ইন্টার মায়ামি তাদের ‘জীবন্ত কিংবদন্তি’ লিওনেল মেসিকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ নিয়েছে। ক্লাবের নতুন স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম রাখা হয়েছে তার নামে। সেই স্ট্যান্ডের সামনেই গোল করে নতুন ভেন্যুর উদ্বোধন আরও স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন মহাতারকা।

বহু প্রতীক্ষিত নতুন স্টেডিয়ামে ইন্টার মায়ামির প্রথম গোলটি আসে মেসির পা থেকেই। ম্যাচের মাত্র ১০ মিনিটের মধ্যে জালের দেখা পান তিনি। নিজের নামে নামকরণ করা স্ট্যান্ডের সামনে করা এই গোল মুহূর্তেই বিশেষ হয়ে ওঠে। তবে অস্টিন এফসির বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে শেষ হয়।

অবশ্য নু স্টেডিয়ামে প্রথম গোলটি করেন অতিথি দলের ডিফেন্ডার গুইলহেরমো বিরো। তার গোলের চার মিনিট পর হেড করে সমতা ফেরান মেসি।

প্রথমার্ধে অস্টিন এফসি দুইবার পোস্টে বল মারে এবং একবার পেনাল্টির জোরালো আবেদন জানিয়েও ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করে তারা। প্রতিপক্ষের বক্সের কাছাকাছি মেসি বল হারানোর ১০ সেকেন্ডের মধ্যেই জেইডেন নেলসনের গোলে আবার এগিয়ে যায় অস্টিন।

এরপর চাপ বাড়াতে থাকে মায়ামি। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে আরও সক্রিয় হয়ে ওঠেন মেসি। দারুণ পায়ের কাজ দেখিয়ে নেওয়া তার একটি শট গোলকিপার ব্রাড স্টুভার ঠেকিয়ে দেন। তবে শেষ পর্যন্ত আরেক দক্ষিণ আমেরিকান তারকা লুইস সুয়ারেজ দলকে রক্ষা করেন। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে, বদলি হিসেবে নেমে কিছুক্ষণ পরই চমৎকার এক ভলিতে গোল করে স্কোরলাইন ২-২ করেন ৩৯ বছর বয়সী এই উরুগুইয়ান ফরোয়ার্ড।

২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে উপস্থিত সমর্থকেরা মেসির আরও একটি জাদুকরী মুহূর্ত দেখার অপেক্ষায় ছিলেন। শেষ দিকে তার নেওয়া একটি পরিচিত ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় দর্শকদের।

গত মৌসুমে এমএলএস কাপ জয়ের পর শনিবার নিজেদের প্রথম হোম ম্যাচ খেলল ইন্টার মায়ামি। ছয় বছরের বেশি সময় ফোর্ট লডারডেলে হোম ম্যাচ খেলার পর এবার তারা ফিরল নিজ শহরে।

এই ড্রয়ের ফলে শেষ পাঁচ এমএলএস ম্যাচে অপরাজিত থাকল ইন্টার মায়ামি। অন্যদিকে টানা চার ম্যাচ জয়হীন রইল অস্টিন এফসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here