টিকাদান কর্মসূচি চলমান থাকবে এবং এতে কোনো ঘাটতি রাখা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। একটি বিশেষজ্ঞ কমিটি প্রতিদিনের তথ্য বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে ডা. এম এ মুহিত বলেন, সবাই সহযোগিতা করুন এবং শিশুদের টিকা দিতে উৎসাহিত করুন। যত বেশি শিশু টিকার আওতায় আসবে, ততই আমরা নিরাপদ থাকব।
তিনি আশ্বাস দিয়ে বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে একজন শিশুও যেন টিকার বাইরে না থাকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
উদ্বোধনের পরপরই টিকাদান কার্যক্রম শুরু হয়। স্থানীয় পর্যায়ে এ কর্মসূচি ঘিরে অভিভাবকদের মধ্যে আগ্রহ দেখা গেছে। স্বাস্থ্য বিভাগ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়েছে।