ইরানের আসালুইয়েহ অঞ্চলে অবস্থিত পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)কে ‘সমস্ত শক্তি দিয়ে’ ইরানের অবকাঠামোর ওপর হামলা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের আসালুইয়েহ অঞ্চলে অবস্থিত দেশটির বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনাটিতে জোরালো হামলা চালানো হয়েছে। এর আগে গত সপ্তাহেও আরেকটি স্থাপনায় হামলা হয়েছিল।
ইসরায়েলের দাবি, এই দুই স্থাপনা মিলিয়ে ইরানের মোট পেট্রোকেমিক্যাল রফতানির প্রায় ৮৫ শতাংশের জন্য দায়ী। হামলার পর বর্তমানে এগুলো অচল হয়ে পড়েছে এবং কার্যক্রম বন্ধ রয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, আসালুইয়েহর ওই স্থাপনাটি একাই দেশের প্রায় অর্ধেক পেট্রোকেমিক্যাল উৎপাদন করত।
এদিকে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সর্বশেষ হামলায় দুটি পেট্রোকেমিক্যাল কোম্পানি লক্ষ্যবস্তু হয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।