নাটোরের সিংড়ায় সড়ক পারাপারের সময় বাসচাপায় নাদির কায়ছার রুবেল (২৪) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর জানান, নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রুবেলকে ধাক্কা দেয়। এতে তিনি বাসের নিচে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে গাড়িটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বাসটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।