আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। সৌদি টাইমলাইন অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।
হজযাত্রার খরচ কমানোর বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।