সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দল, ক্লাব ক্রিকেটের অস্থিরতা, দেশে ফেরা ও রাজনীতি নিয়ে করা মন্তব্য ঘিরে তৈরি হওয়া আলোচনার প্রেক্ষিতে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করেছেন সাকিব আল হাসান।
সাকিব লিখেছেন, “আসসালামু আলাইকুম সবাইকে। সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজের সর্বোচ্চটা উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।”
রাজনীতি প্রসঙ্গে সাকিব বলেন, “একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।”
পরিশেষে নিজের ক্যারিয়ার নিয়ে প্রত্যাশা জানিয়ে সাকিব লেখেন, “আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।”