রংপুরে অস্ত্র মামলার পলাতক আসামি জাবেদ ওরফে ‘টোকাই জাবেদ’কে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১৩। মঙ্গলবার রাতে মিঠাপুকুর উপজেলার বৈরাগীহাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জাবেদ মিঠাপুকুর উপজেলার ইসলামপুর বাশিয়াপাড়া গ্রামের হাসেম খানের ছেলে।
র্যাব জানায়, গত ৩ এপ্রিল রাতে নগরীর তাজহাট টিবি হাসপাতাল এলাকায় শাফায়েত হোসেন শামীম ওরফে ‘পিচ্চি শামীম’ নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে এলাকাবাসী আটক করে র্যাবকে খবর দেয়। পরে র্যাব তাকে হেফাজতে নেয়। তবে সে সময় শামীমের সঙ্গে থাকা ২-৩ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় তাজহাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হলে র্যাব তদন্ত শুরু করে এবং গত সোমবার রাতে অভিযান চালিয়ে জাবেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার জাবেদকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।