রাজশাহী মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৩

0
19
রাজশাহী মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, আক্রান্ত শিশুদের শরীরে উচ্চ জ্বর, লাল ফুসকুড়ি, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিচ্ছে। বর্তমানে হাসপাতালে হামের লক্ষণ নিয়ে মোট ১৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালটির মুখপাত্র শংকর কে বিশ্বাস জানিয়েছেন, এখন পর্যন্ত মোট ৪৫২ জন রোগী হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন এবং এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।

চিকিৎসকদের ভাষ্যমতে, আক্রান্ত শিশুদের বড় একটি অংশই নিয়মিত টিকা গ্রহণ করেনি বা তাদের টিকার সময়সূচি অসম্পূর্ণ রয়েছে। এ অবস্থায় শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ হওয়ায় এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ অভিভাবকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। শিশুদের শরীরে জ্বর বা ফুসকুড়ি দেখা দিলেই দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে বলা হয়েছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে এবং আক্রান্ত রোগীদের জন্য অতিরিক্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে পরিবার, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here