জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের পর ৩০ জুন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগ আমলে নিয়ে সেদিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৎকালীন ভিসি ড. হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় বেরোবির শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ নেতা এবং প্রক্টর অফিসের কর্মচারীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ রয়েছেন। এর মধ্যে ছয়জন গ্রেপ্তার থাকলেও বাকিরা এখনও পলাতক।
গত ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলার প্রথম সাক্ষী হিসেবে আবু সাঈদের বাবা মুকুল হোসেন জবানবন্দি দেন। এরপর তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে জুলাই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে।
গত ২৭ জানুয়ারি যুক্তিতর্ক শেষ হওয়ার পর ৫ মার্চ রায়ের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। আজ সেই ঐতিহাসিক রায় ঘোষণার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম শহীদের রক্তে রঞ্জিত এই মামলার আইনি বিচারিক প্রক্রিয়ার সমাপ্তি ঘটতে যাচ্ছে। রায়ের দিকে তাকিয়ে আছে শহীদ আবু সাঈদের পরিবারসহ জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সব শহীদের স্বজন এবং সমগ্র দেশবাসী।