দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিসিবির সর্বশেষ নির্বাচন ও পরিচালনা পর্ষদ পরিবর্তনের জেরে সৃষ্ট জটিলতায় লিগ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি অনেকটা সহজ হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) সব ক্লাবের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিসিবি।
বিসিবি কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় চা চক্রের মাধ্যমে এই বৈঠক শুরু হবে। সেখানে মূলত দলবদল ও খেলা মাঠে গড়ানোর সম্ভাব্য দিন-তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিবির বর্তমান কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ঢাকা লিগ মাঠে গড়ালে ঘরোয়া ক্রিকেটের লাল বলের টুর্নামেন্ট ‘বিসিএল’ কিছুটা পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল বোর্ড সভা শেষে তামিম ইকবাল বলেন, “প্রিমিয়ার লিগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সব দলের সঙ্গে দ্রুত বসার সিদ্ধান্ত নিয়েছি। আলোচনার মাধ্যমে দলবদলের তারিখ ঘোষণা করে দ্রুত খেলা শুরু করাই আমাদের মূল লক্ষ্য।”
মাঠ সংকট প্রসঙ্গে তামিম আরও বলেন, “মাঠ নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও আমরা সমাধানের পথ খুঁজছি। প্রয়োজনে আমরা মাঠ ভাড়া নেব। বর্তমানে অনেক প্রাইভেট একাডেমি রয়েছে, যা প্রথম শ্রেণির ম্যাচ আয়োজনের জন্য উপযোগী। প্রয়োজনে আমরা সেগুলোকে ব্যবহার করব।”
দীর্ঘদিন ধরে আটকে থাকা এই লিগ শুরু হওয়ার খবরে ক্রিকেটারদের মাঝে স্বস্তি ফিরেছে, যারা এত দিন পারিশ্রমিক ও ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। আজকের বৈঠকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ঘরোয়া ক্রিকেটের এই জাঁকজমকপূর্ণ আসরের ভবিষ্যৎ।
প্রতি বছর দেশের ক্রিকেটাররা ঢাকা লিগ থেকে বড় অঙ্কের অর্থ উপার্জন করে থাকে। তবে এবারের লিগ যথা সময়ে হয়নি, আদৌ হবে কি না সেটা নিয়েও সংশয় ছিল এতদিন। মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে লিগ আটকে ছিল। যা নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেন ক্রিকেটাররা।