চুয়াডাঙ্গায় তেল পাম্পে তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে দুইজনকে পাঁচ দিনের কারাদণ্ড ও একজনকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেল নিতে আসা কয়েকজন যুবক পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ তাদের আটক করে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
আদালতের রায়ে ডিঙ্গেদহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) ও আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহ (২০)-কে পাঁচ দিনের কারাদণ্ড এবং সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম ইসলাম (২৯)-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্তদের দুপুরে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।