কুমিল্লার মুরাদনগরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় ধর্ষণের প্রতিবাদ করায় শিশুটির মামার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বাবার বিরুদ্ধে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্ত মেহেদীকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মেহেদী হাসান উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি অভিযুক্ত মেহেদীর দূর সম্পর্কের মামাতো বোন। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পরমতলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসা শিশুটি গোসল সেরে ঘরে ফেরার সময় মেহেদী তাকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি তার খালাকে ঘটনাটি জানালে তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে এই অমানবিক ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির মামার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মামার পায়ের রগ কেটে দেয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করে। বৃহস্পতিবার রাতে শিশুটির বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে এবং মামার ওপর হামলার ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।