ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের জাতীয় ইতিহাসে আমরা বারবার দেখেছি, শ্রমিকেরা জীবন দিয়ে লড়াই করেছেন। ১৯৪৭ সালের আজাদীর লড়াই থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং দেশের প্রতিটি গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের অধিকাংশ ছিলেন শ্রমজীবী মানুষ। এমনকি চব্বিশের গণঅভ্যুত্থানেও শ্রমিকরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।
তিনি অভিযোগ করেন, শ্রমজীবী মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসা বিএনপি এক মাসের মাথায় জনগণের সঙ্গে প্রতারণা করেছে। নতুন সরকার শ্রমিকদের রক্তের ওপর বসে জনগণের সঙ্গে বেঈমানি করেছে এবং গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তিনি বর্তমান সরকারকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বলেন, ক্ষমতায় যাওয়ার পর দলটি জনগণের ত্যাগের কথা পুরোপুরি ভুলে গেছে।
এনসিপি আহ্বায়ক আরও বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো আইনে পরিণত করার এবং সংস্কার বাস্তবায়নের যে ওয়াদা বিএনপি করেছিল, তা তারা ভঙ্গ করেছে। দেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি কখনো ভালো হয় না। তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, যদি শ্রমিকদের অধিকার এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা না হয়, তবে পুনরায় গণআন্দোলন গড়ে তোলা হবে এবং সেই আন্দোলনের মাধ্যমেই দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।
ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।