নরসিংদীতে একটি কুলখানির অনুষ্ঠানে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর সদর উপজেলার মাধবদীর ভগিরথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) ও ইব্রাহিম (৫)। অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি উপলক্ষে ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ অংশ নিতে জড়ো হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে বিদ্যালয়ের গেট খুলে দিলে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ মাঠে প্রবেশের চেষ্টা করেন। এতে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়ে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা কবির জানান, চারজন হাসপাতালে ভর্তি আছেন, তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, অনুষ্ঠানের জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি এবং ঘটনার বিষয়ে তিনি অবগত নন। মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।