সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া সীমিত পরিসরে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম শুরু করেছে। শনিবার ( ১১ এপ্রিল) সংস্থাটি এ ঘোষণা দেয়।
এয়ার অ্যারাবিয়া জানায়, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শারজাহ, আবুধাবি ও রাস আল খাইমাহ থেকে ১৭টি দেশের ৪৯টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিঘ্নের পর ধাপে ধাপে কার্যক্রম স্বাভাবিক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্লাইট নেটওয়ার্কে মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশও এ তালিকায় রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
যাত্রীদের জন্য এয়ার অ্যারাবিয়া জানিয়েছে, যাদের পূর্বের ফ্লাইট বাতিল হয়েছিল তারা পুনরায় বুকিং করতে পারবেন। তবে এই সুবিধা কেবল তাদের জন্য প্রযোজ্য, যারা আগে টিকিটের তারিখ পরিবর্তন বা অর্থ ফেরত নেননি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে বলেও জানানো হয়েছে।