ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিথী। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মনোনয়ন ফরম সংগ্রহের পর ফারজানা সিথী সাংবাদিকদের জানান, তিনি নড়াইল-২ আসনের জন্য ফরম সংগ্রহ করেছেন। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি বেশ আশাবাদী। এ বিষয়ে বিস্তারিত পরে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য যে, ফারজানা সিথী এর আগে এক সেনা কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় এসেছিলেন। তার গ্রামের বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।