আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপন এবং দুর্গম পার্বত্য অঞ্চলের কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের অযথা আতঙ্ক তৈরি করা যাবে না। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করতে হবে। বিদ্যুৎ বিভ্রাটের সময় যেন পর্যবেক্ষণে বিঘ্ন না ঘটে, সে জন্য বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের ব্যবস্থাও রাখতে হবে।
নকল প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, অতীতেও শিক্ষকদের সহযোগিতায় পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করা সম্ভব হয়েছিল এবং এবারও সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব পালনে কোনো ভয় না পেয়ে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।
খাতা মূল্যায়নের ক্ষেত্রে সতর্ক করে তিনি বলেন, খাতায় যা লেখা থাকবে তার ভিত্তিতেই নম্বর দিতে হবে, কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না।
প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর অপরাধ উল্লেখ করে শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দেন, এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।