জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, সাবেক স্বামী গ্রেপ্তার

0
22
জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, সাবেক স্বামী গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের পর ধানক্ষেত থেকে আশুরা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের সাবেক স্বামী বাবলু মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) উপজেলার সুতার গুচ্ছগ্রাম এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুতার গ্রামের বাবলু মন্ডলের তৃতীয় স্ত্রী ছিলেন আশুরা। তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের পর আশুরা বাবলুর বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক নিরোধ আইনে মামলা করেছিলেন, যা বর্তমানে বিচারাধীন। অভিযোগ উঠেছে, মামলার জেরে বাবলু তার সাবেক স্ত্রীর ওপর ক্ষুব্ধ ছিলেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, ঘটনার দিন বাবলু তার সাবেক স্ত্রী আশুরাকে নিয়ে সারাদিন বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্জন স্থানে নিয়ে তাকে শ্বাসরোধে বা অন্য কোনো উপায়ে হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যান বাবলু। শনিবার সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত বাবলু মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক কলহ ও মামলার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here