পানছড়িতে বিজিবির অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ

0
22
পানছড়িতে বিজিবির অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহলদল নায়েব সুবেদার মো. শাহআলমের নেতৃত্বে দুর্গম বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনিতে অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা মোটরসাইকেল ফেলে পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

গোলাবারুদ বিওপিতে নিয়ে আসার পথে আনুমানিক ১০০ থেকে ১১০ জন সশস্ত্র সন্ত্রাসী বিজিবি টহলদলকে ঘেরাও করার চেষ্টা করে। পরিস্থিতি মোকাবিলায় পানছড়ি ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত টহলদল পাঠানো হয়। পরে অতিরিক্ত বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সরে যায়।

বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে এবং এ ধরনের তৎপরতা কঠোরভাবে দমন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here