ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন হালুয়াঘাটের মোকামিয়া গ্রামের বাসিন্দা শুক্কুর আলী (৫৪), আমির আলী (৪৩), জমির আলী (৪১), হাতেম আলী (৩৯) ও হারেজ আলী (৩৩)।
মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৪ অক্টোবর জেলার হালুয়াঘাটের মোকামিয়া গ্রামে ধান কাটা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে আসামিরা হাবিবুর রহমানকে পেটে ফলা দিয়ে আঘাত ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার মা সুফিয়া খাতুনকেও জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমানের মৃত্যু হয়। ঘটনার দুই দিন পর নিহতের ভাগ্নি মোছা. নুরুন্নাহার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। মামলার রায় ঘোষণার দিন আদালত ২০ আসামিকে খালাস প্রদান করেন এবং দোষী সাব্যস্ত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর আদালতের পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি মো. আবু হানিফ খান এবং আসামিপক্ষে ছিলেন মো. হারুনুর রশিদ।