রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার বিকেলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—জিহাদ মণ্ডল (২১), আনিচ মণ্ডল (২৫), শামীম শেখ (১৯), মিরাজুল ইসলাম (৩২) ও শাওন সরদার (২১)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, একদল ডাকাত সদস্য দেশীয় অস্ত্র নিয়ে শরিষা ইউনিয়নের বহলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খালের পাড়ে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানা পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
ওসি শেখ মঈনুল ইসলাম জানান, পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে আরও ১১-১২ জন ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।