হাম ও হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

0
31
হাম ও হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যেই গত ২৪ ঘণ্টায় আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে দুই জনের মৃত্যু সরাসরি হামজনিত বলে নিশ্চিত করা হয়েছে। বাকি ৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

মৃত শিশুদের মধ্যে দুই জনই ঢাকা বিভাগের। উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ৪ জন ঢাকা বিভাগে এবং ১ জন রাজশাহী বিভাগে ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১,৩৭১ জনের মধ্যে। এর মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে ৭২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ২৭৪ জন ঢাকা বিভাগের। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুর (১১ জন) ও ময়মনসিংহ (১৭ জন) বিভাগে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৭১৩ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০৫ জন, রাজশাহীতে ১২ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১০৩ জন করে রোগী ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫৬ শিশু।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ১৭ হাজার ২৪ জন রোগীর মধ্যে ১০ হাজার ৯৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের হাম শনাক্ত হয়েছে। ইতোমধ্যে ৮ হাজার ৩৬৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here