জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নিহত ২২

0
26
জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নিহত ২২

ভারতের জম্মু ও কাশ্মীরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ২২ নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন ৩০ জন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের রামনগর থেকে উধমপুরে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। উধমপুরের কাছাকাছি গিয়ে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ফলে পাহাড়ের গভীর খাদে বাসটি পড়ে যায়। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হন প্রায় ৩০ জন। তারা সবাই বাসটির যাত্রী।

এ ঘটনায় বড় ধরনের উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহত ব্যক্তিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তে কর্মকর্তারা কাজ করছেন বলে জানা গেছে।

জম্মু ও কাশ্মীরে বাস দুর্ঘটনায় আলাদা আলাদাভাবে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি লিখেছেন, জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

প্রধানমন্ত্রী মোদিও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের উধমপুরে বাস দুর্ঘটনায় প্রাণহানির খবর শুনে আমি ব্যথিত। যারা তাদের আপনজনদের হারিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও এই সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জানান, এই শোকের মুহূর্তে তার সরকার ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের পাশে রয়েছে। তার কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানান, তিনি দুঃখজনক উধমপুর-রামনগর বাস দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here