ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে এবার দুর্দান্ত ফর্মে রয়েছে আর্সেনাল। গত তিন মৌসুমে শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হওয়ার গ্লানি ভুলে এবার ট্রফি উঁচিয়ে ধরার মিশনে গানাররা।
গত শনিবার এমিরেটসে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের আধিপত্য আরও জোরালো করেছে তারা। বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে দুই ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্টে এগিয়ে আছে আর্সেনাল। শিরোপা নির্ধারণী এই লড়াই শেষ পর্যন্ত গড়ায় কি না এবং গোল পার্থক্যের হিসেবে ট্রফি নিশ্চিত হয় কি না, তা নিয়ে এখন চলছে জোর জল্পনা।
২২ বছরের দীর্ঘ শিরোপা খরা কাটাতে আর্সেনালের সামনে এখন বাকি আছে তিনটি ম্যাচ। এই গুরুত্বপূর্ণ সময়ে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, বার্নলি এবং ক্রিস্টাল প্যালেস। দলের তরুণ ডিফেন্ডার মাইলস লুইস-স্কেলি মনে করেন, এখন আর ভুল করার সুযোগ নেই। প্রতিটি ম্যাচকেই তারা দেখছেন ‘ফাইনাল’ হিসেবে। ম্যাচ শেষে ১৯ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডার স্কাই স্পোর্টসকে বলেন, “এখন আমাদের সামনে তিনটি ফাইনাল বাকি আছে। আমরা একটি দল হিসেবে বর্তমান সময়ে টিকে থাকার চেষ্টা করছি এবং প্রতিটি ম্যাচকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি।”
এ ম্যাচে কোচ মিকেল আর্তেতা কৌশলগত কারণে টানা ৩৩ ম্যাচে শুরুর একাদশে থাকা মার্টিন জুবিমেন্দিকে বসিয়ে লুইস-স্কেলিকে সুযোগ দিয়েছিলেন। গানারদের জার্সিতে প্রথমবারের মতো মাঝমাঠে দায়িত্ব পালন করে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ডেকলান রাইস ও এবেরেচি এজের সঙ্গে দারুণ ভারসাম্য বজায় রেখে পুরো ৯০ মিনিট খেলেছেন এই তরুণ।
দলের মানসিকতা নিয়ে লুইস-স্কেলি বলেন, “আমরা প্রতিটি ম্যাচে সেই তীব্রতা ও আনন্দ নিয়ে খেলতে চাই। আমরা যদি নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি এবং দায়িত্বগুলো ঠিকঠাক পালন করি, তবে আমাদের খেলার মান ফুটে উঠবেই। আজকের জয়টি ছিল তারই একটি চমৎকার উদাহরণ।” শিরোপার লড়াইয়ে টিকে থাকার জন্য আর্সেনাল এখন পুরোপুরি মনোযোগী তাদের পরবর্তী তিন ম্যাচের ওপর।