দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এর ফলে এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক এবং বাছাইকৃত বড় মূলধনী শেয়ারগুলোর সূচকও কমেছে। পাশাপাশি ঢাকার এই শেয়ারবাজারে লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে শেয়ারদর বেড়েছে ১০৭টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৫ হাজার ২৬৭ পয়েন্টে নেমে এসেছে। বাছাইকৃত বড় মূলধনী ৩০ শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে। তবে এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান প্রধান সূচকগুলো কমার পাশাপাশি ডিএসইতে আজ সার্বিক লেনদেনেও ভাটা পড়েছে। দিনশেষে এক্সচেঞ্জটিতে মোট ৮৩২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের ৮৭৬ কোটি ৯৫ লাখ টাকার তুলনায় ৪৪ কোটি ৬৬ লাখ টাকা কম।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১০২টির এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হলেও এক্সচেঞ্জটির সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮০৫ পয়েন্টে উন্নীত হয়েছে। এই বাজারে ১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ১৬ কোটি ৭৭ লাখ টাকা।