মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্রসহ জলদস্যু বাহিনীর প্রধান গ্রেপ্তার

0
16
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্রসহ জলদস্যু বাহিনীর প্রধান গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত জলদস্যু ‘জমির বাহিনী’র প্রধান এবং জেলে হত্যা মামলার অন্যতম আসামি মো. জমির উদ্দিনকে (৩১) গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। বুধবার (৬ মে) দুপুরে মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিস্তারিত নিশ্চিত করেন। গ্রেপ্তার জমির উদ্দিন মাতারবাড়ির সাইরার ডেইল এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এফবি ‘আজুফা আক্তার মানু’ নামক একটি ফিশিং বোটে জমির বাহিনীর গুলিতে শাহাদাত হোসেন খোকন নামের এক জেলে নিহত হন। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে জমির উদ্দিনকে গ্রেপ্তার করে কোস্ট গার্ডের একটি দল।

পরবর্তীতে গ্রেপ্তারের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া দ্বীপের প্যারাবন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গ্রেপ্তার জমির উদ্দিন দীর্ঘদিন ধরে সাগরপথে ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে নিজের বাহিনীকে নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here