স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২৩ মে) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট নিরসন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে আয়োজনের ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা প্রশংসনীয়। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে জাতিসংঘের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
জবাবে আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক বলেন, বাংলাদেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে জাতিসংঘ অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণকারী বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি করছেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও টেকসই অভিবাসনে বিশ্বাসী। তবে রোহিঙ্গা সংকট বর্তমানে একটি জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।”
তিনি আরও বলেন, এই সংকট মোকাবিলায় জাতিসংঘের ছায়াতলে বাংলাদেশের জন্য আরও ব্যাপক আন্তর্জাতিক সমর্থন ও বৈশ্বিক তহবিল প্রয়োজন। বর্তমানে বিভিন্ন সংস্থার মাধ্যমে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য মানবিক প্রকল্প চললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে উল্লেখ করেন তিনি।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সরকার ও জনগণের মানবিক ভূমিকার প্রশংসা করে বলেন, এত বিপুল সংখ্যক রোহিঙ্গার দীর্ঘমেয়াদি বোঝা বাংলাদেশের একার পক্ষে বহন করা সম্ভব নয়। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহযোগিতা প্রয়োজন।
পরিশেষে স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় জাতিসংঘের যেকোনো উদ্যোগে বাংলাদেশের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের হেড অব অফিস লুইস বারবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান এবং উপসচিব বেগম মিনারা নাজমীন উপস্থিত ছিলেন।