ইউএসটিসি ক্যাম্পাসে নারীর বিকৃত মরদেহ উদ্ধার

0
1
ইউএসটিসি ক্যাম্পাসে নারীর বিকৃত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং’ (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে এক অজ্ঞাতনামা নারীর বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাতে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে এই রহস্যজনক মরদেহটি উদ্ধার করা হয়।

মাথা থেকে খুলি আলাদা হয়ে যাওয়া এবং মুখমণ্ডল চরমভাবে বিকৃত থাকার কারণে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি কোনো বহিরাগত, সে বিষয়েও প্রথম দিকে ধোঁয়াশা তৈরি হয়।

এই চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে ইউএসটিসির পরিচালক অধ্যাপক ডা. মো. বদিউল আলম বাদল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উপর থেকে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে তিনি নিশ্চিত করেছেন যে, নিহত নারী তাঁদের বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রী নন এবং ক্যাম্পাসের সাথে সংযুক্ত বেসরকারি হাসপাতালের কোনো রোগীও নন। তাঁর প্রকৃত পরিচয় জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ইউএসটিসি ক্যাম্পাসে একটি মেডিকেল কলেজ ও বেসরকারি হাসপাতালের পাশাপাশি দূর-দূরান্ত ও বিদেশ থেকে আসা ছাত্রীদের থাকার জন্য ‘গুলমেহের’ নামে একটি সুপরিচিত গার্লস হোস্টেল বা হল রয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহটি উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তকরণ এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here