ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধসে ২১ জন নিখোঁজ

0
3
ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধসে ২১ জন নিখোঁজ

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তরে অবস্থিত পামপাংগা প্রদেশের অ্যাঞ্জেলেস শহরে একটি নির্মাণাধীন ৯ তলা ভবন ধসে অন্তত ২১ জন নিখোঁজ রয়েছেন।

রবিবার (২৪ মে) ভোরে শক্তিশালী একটি বজ্রঝড়ের পর এ ধসের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়া মানুষদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

অ্যাঞ্জেলেস শহরের দুর্যোগ প্রশমন দপ্তরের প্রধান ফ্রান্সিস পাঙ্গিলিনান জানান, নিখোঁজ ২১ জনের বেশিরভাগই ওই ভবনের নির্মাণশ্রমিক বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ভবনটির ধ্বংসাবশেষ ধসে পাশের একটি আবাসনের ওপর পড়লে এক মালয়েশিয়ান পর্যটকসহ আরও দুজন আহত হয়েছেন।

উদ্ধারকাজের বিষয়ে পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল জেস মেন্ডেজ জানান, ১০০ জনেরও বেশি পুলিশ ও সরকারি কর্মী ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। ফায়ার সার্ভিস, পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা খালি হাতে ও প্রশিক্ষিত কুকুরের সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে তল্লাশি চালাচ্ছেন।

গণপূর্ত মন্ত্রী ভিনজোন ডিজন সাংবাদিকদের জানান, ধ্বংসস্তূপের নিচে কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তবে জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় খুব সাবধানে উদ্ধারকাজ চালানো হচ্ছে এবং আটকে পড়াদের নিরাপদে বের করে আনাই এখন প্রধান লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here