সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ২৭ বাংলাদেশির মৃত্যু

0
3
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ২৭ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।

রোববার (২৪ মে) এ তথ্য জানিয়েছে এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ হজ অফিস।

তথ্য অনুযায়ী, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে মক্কায় ১৮ জন এবং মদিনায় ৯ জন মৃত্যুবরণ করেছেন।

এদিকে চলতি মৌসুমে এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন। এছাড়া বিভিন্ন হজ এজেন্সি ও টিমের ব্যবস্থাপনা সদস্য রয়েছেন ৭৭৪ জন।

হজযাত্রী পরিবহনে মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৯৮টি, সৌদি এয়ারলাইন্স ৭৩টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।

পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সৌদি আরব গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইন্সে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাসে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে।

হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here