দুই কোচ ও দুই তারকার বিদায়ের রাতে রিয়ালের বড় জয়

0
1
দুই কোচ ও দুই তারকার বিদায়ের রাতে রিয়ালের বড় জয়

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আলভারো আরবেলোয়া জয় দিয়ে শেষ করলেন। গতকাল (শনিবার) বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ৪-২ গোলে জিতেছে তার দল।

নতুন চেলসি কোচ জাবি আলোনসোর কাছ থেকে গত জানুয়ারিতে দায়িত্ব নেন আরবেলোয়া। আরেকটি ট্রফিহীন মৌসুম শেষ করার পথে তিনি লা লিগায় ক্লাবকে রানার্সআপ করলেন। চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পেছনে থেকে মৌসুম শেষ করল মাদ্রিদ ক্লাব।

সাবেক কোচ জোসে মরিনহো এই মৌসুম শেষে বেনফিকা ছেড়ে রিয়ালের দায়িত্ব নেবেন বলে জোর গুঞ্জন চলছে। ১৩ বছর পর বার্নাব্যুতে ফিরতে যাচ্ছেন পর্তুগিজ কোচ।

১২তম মিনিটে দানি কারভাহালের ক্রসে গঞ্জালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। অ্যাথলেটিক কিপার অ্যালেক্স পাদিলার সেভে গোল বঞ্চিত হয়েছিলেন থিয়াগো পিতার্চ। হাফ টাইমের চার মিনিট আগে জুড বেলিংহামকে দিয়ে গোল করান তিনি।

প্রথমার্ধের ইনজুরি টাইমে বিলবাও ব্যবধান কমান। ইনাকি উইলিয়ামসের ক্রসে গোর্কা গুরুজেতা পরাস্ত করেন থিবো কোর্তোয়াকে। ৫১তম মিনিটে কিলিয়ান এমবাপে আবার রিয়ালকে দুই গোলে এগিয়ে দেন। আলভারো কারেরাসের পাস ধরে কোনাকুনি শটে জাল কাঁপান ফরাসি তারকা।

এক ঘণ্টা পর এমবাপের আরেকটি শট পাদিলা কাছের পোস্টে ঠেকান। ৬৯তম মিনিটে ডিফেন্ডার ডেভিড আলাবাকে মাঠ ছাড়ার সময় গার্ড অব অনার দেন রিয়াল সতীর্থরা। অস্ট্রিয়ান তারকা মাদ্রিদ ক্লাবের জার্সিতে শেষ ম্যাচ খেললেন। ডিন হুইসেনের বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি।

খেলা শেষ হওয়ার ৮ মিনিট আগে দীর্ঘদিনের রিয়াল অধিনায়ক কারভাহালকেও একইভাবে বিদায় দেন সতীর্থরা। দুই দলই ছয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ৩৪ বছর বয়সীকে অভিবাদন জানায়।

শেষ দিকে ব্রাহিম দিয়াজ রিয়ালের চতুর্থ গোল করেন। অফসাইডের বাঁশি বাজলেও ভিএআরে গোল বহাল থাকে। যোগ করা সময়ে বিলবাওর দ্বিতীয় গোল করেন উর্কো ইজেতা। এই ম্যাচ দিয়ে শেষবার দলটির ডাগআউটে দাঁড়ালেন তিন মেয়াদে পাঁচশর বেশি ম্যাচে দায়িত্ব পালন করা কোচ আর্নেস্তো ভালভার্দে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here